বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং আলো ভুবন ট্রাষ্ট (AloBT) এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় একটি সফল একাডেমিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ Prof. Dr. Eduard E. Zijlstra আলো ভুবন ট্রাস্টের আমন্ত্রণে বাংলাদেশে আসেন এবং বিএমইউ-এর পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগে পরিদর্শন করেন।

প্রফেসর ড. এডুয়ার্ড সংক্রামক রোগ ও উষ্ণমণ্ডলীয় রোগ বিষয়ে সুপরিচিত একজন বিশেষজ্ঞ। তিনি Médecins Sans Frontières-এর সঙ্গে সুদানে কালা-জ্বর নিয়ে কাজ করেছেন। ১৯৯০ সাল থেকে তিনি কালা-জ্বর ও পোস্ট-কালা-জ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস (পিকেডিএল) নিয়ে গবেষণা করে আসছেন।
পরিদর্শন চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রফেসর ডা: ম. আতিকুল হক, চেয়ারম্যান, পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং ডিন, প্রিভেন্টিভ এন্ড স্যোসাল মেডিসিন অনুষদ, বিএমইউ-এর একাডেমিক কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং দেশে জনস্বাস্থ্য শিক্ষার অগ্রগতিতে বিভাগের ভূমিকা তুলে ধরেন।
পরবর্তীতে সংক্রামক রোগ ও বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পাশাপাশি অবহেলিত উষ্ণমণ্ডলীয় রোগসহ অসংক্রামক রোগ নিয়ে একটি বিশেষ সেশনও আয়োজন করা হয় এমপিএইচ শিক্ষার্থীদের জন্য—শিক্ষার্থীগন সরাসরি আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বাস্তব অভিজ্ঞতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার সুযোগ পায়।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেন বিএমইউ-এর পাবলিক হেল্থ এবং ইনফরমেটিক্স বিভাগের পক্ষে ড: ফারজানা ইসলাম এবং সহকারী অধ্যাপক ড: মারুফ হক খান আলো ভুবন ট্রাস্টের প্রফেসর ড: অনুপমা আজহারীর সহযোগিতায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা: মো. শহিদুল হক, প্রভাষকবৃন্দ ডা: জান্নাতের শেফা, ডা: ফাতেমা, ডা: সুমাইয়া এফা এবং রিসার্চ এ্যএসোসিয়েট ডা তানজিলা বুশরা এবং সকলেই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
এই যৌথ উদ্যোগটি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান বিনিময়ের একটি সুন্দর সুযোগ তৈরি করেছে।











